আলিপুরদুয়ার, ৪ ডিসেম্বর (হি.স.): আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দালালচক্র নিয়ে এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার বিজেপির জেলা কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে এসে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের দালালচক্রের প্রসঙ্গটি টেনে শাসকদল তৃণমূলের দিকেই কার্যত ঘুরিয়ে অভিযোগের আঙুল তুলেছেন সুকান্ত।
সম্প্রতি বিধানসভায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দালালচক্রের বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রীর নজর কেড়েছিলেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। এরপর থেকে যদিও নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েকদিন আগেও প্রসূতি বিভাগে জুলুম করে টাকা আদায়ের অভিযোগে সরব হয়েছিলেন রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য সাফ দাবি, দালালদের জুলুমবাজি নিয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

