গুয়াহাটি, ১৯ নভেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে ভারতের দীর্ঘতম ট্রেন ১৫৯০৬ / ১৫৯০৫ ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের চলাচল সাপ্তাহিক থেকে দ্বি-সাপ্তাহিকে বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৫৯০৬ নম্বর ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস আগে শুধুমাত্র শনিবার চলাচল করত। ২২ নভেম্বর (২০২২) থেকে এই ট্রেন সপ্তাহে প্রত্যেক মঙ্গল ও শনিবার চলাচল করবে। একইভাবে ১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস ট্রেন আগে শুধুমাত্র বৃহস্পতিবার চলাচল করত। এবার ২৭ নভেম্বর (২০২২) থেকে এই ট্রেন সপ্তাহে প্রত্যেক বৃহস্পতি ও রবিবার করে চলাচল করবে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর দিয়ে জানান, ১৫৯০৬ নম্বর ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ট্রেন প্রত্যেক শনি ও মঙ্গলবার ডিব্রুগড় থেকে ১৯.২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে মঙ্গল ও শুক্রবার ২২.০০ ঘণ্টায় কন্যাকুমারী পৌঁছবে। ফেরত যাত্রার সময় ১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস ট্রেনটি প্রত্যেক বৃহস্পতি ও রবিবার কন্যাকুমারী থেকে ১৭.২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে রবি ও বুধবার ২০.৫০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। এই ট্রেনে ১-টি এসি ২ টিয়ার, ৪-টি এসি থ্রি টিয়ার, ১১টি স্লিপার ক্লাস, ৩-টি জেনারেল সিটিং, ১-টি প্যান্ট্রি কার এবং ২-টি পাওয়ার কাম লাগেজ রেক সহ মোট ২২টি কোচ থাকবে।
ভারতীয় রেলওয়ের দীর্ঘতম ট্রেন ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য উজান অসমের ডিব্রুগড় থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত চলাচল করে। যাত্রার সময় ট্রেনটি ৪১৮৯ কিলোমিটার দূরত্ব ভারতের নয়টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে। দূরত্ব ও সময়সীমার ভিত্তিতে ভারতের মধ্যে বর্তমানে এই ট্রেনটি দীর্ঘতম ট্রেন। সমগ্র রুটে ট্রেনটির ৫৯টি হল্ট রয়েছে।
তিনি জানান, বিবেক এক্সপ্রেসের প্রথম পরিষেবা শুরু হয় ২০১১ সালের ১৯ নভেম্বর। বিগত ১১ বছর ধরে এই ট্রেন নিরলসভাবে জনগণকে পরিষেবা দিয়ে চলেছে। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

