মুসেওয়ালা হত্যাকাণ্ড: জগ্গু ভগবানপুরিয়া গ্যাংয়ের দুই পলাতক গ্যাংস্টার গ্রেফতার

চণ্ডীগড়, ১৬ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাব পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স জগ্গু ভগবানপুরিয়া গ্যাংয়ের দুই পলাতক গ্যাংস্টারকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে।

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব বলেন, টাস্ক ফোর্স অমৃতসর জেলা থেকে মনদীপ ওরফে তুফান এবং মনপ্রীত ওরফে মণি রাইয়া নামে দুই গ্যাংস্টারকে গ্রেফতার করেছে। তিনি আরও বলেন, গোয়েন্দাদের নেতৃত্বে এক বিশেষ অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যা ও ডাকাতির একাধিক মামলায় এই দুজনকে খোঁজা হচ্ছিল। এমনকি সিধু মুসেওয়ালা হত্যা মামলার সঙ্গেও জড়িত থাকার জন্য তারা ওয়ান্টেড ছিল।
শুভদীপ সিং সিধু, সিধু মুসেওয়ালা নামে পরিচিতছিল। গত ২৯ মে মানসা জেলায় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। গত মাসে মানসা আদালতে একটি দাখিল করা ১৮৫০ পৃষ্ঠার চার্জশিটে পঞ্জাব পুলিশ বলেছিল যে গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হত্যার মূলচক্রী এবং জগ্গু ভগবানপুরিয়া, লরেন্স বিষ্ণোই এবং অন্যদের সঙ্গে নিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল।