Arrest:কাঁকসায় বিএলআরও ও পুলিশের যৌথ অভিযানে আটক অবৈধ বালি বোঝাই লরি, ধৃত ৩

দুর্গাপুর, ১৪ সেপ্টম্বর (হি. স.) : জাল চালান দিয়ে বালি পাচার! বিএলআরও ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল অবৈধ বালি বোঝাই লরি। বুধবার তল্লাশীর সময় কাঁকসার পানাগড় শিল্পতালুকের কাছে জাতীয় সড়কের ওপর ৩ টি অবৈধ বালি ভর্তি লরি আটক করে। ঘটনায় ৩ চালককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। উদ্ধার হওয়া চালানের বৈধতা নিয়ে ধঁন্দে পড়েছে ভূমি রাজস্ব দফতর।

প্রসঙ্গত, বর্ষার মরশুমে নদীতে বালি তোলার ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে গ্রীন ট্রাইবুনালের। কিন্তু ওই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বীরভুমের অজয় ও বাঁকুড়ার দামোদর নদের বেশ কিছু ঘাটে অবাধে চলছে বালি উত্তোলন। তারপর ওই বালি জাতীয় সড়কের ওপর দিয়ে পাচার হচ্ছে রাজধানী কলকাতায়। অবৈধ বালি পাচারে রাজ্যের ভুমি রাজস্ব দফতরের নজরদারিতে প্রশ্ন উঠেছে। ভূমি রাজস্ব দফতরের একাংশের অশুভ আঁতত রয়েছে বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে কাঁকসা থানা এলাকায় বেআইনী বালি পাচার রুখতে কড়া তল্লাশী অভিযান শুরু করে পুলিশ ও ভূমি রাজস্ব দফতর। বুধবার জাতীয় সড়কে তল্লাশীর সময় তিনটি বালি বোঝাই লরি। কাঁকসা ভূমি রাজস্ব দফতর জানিয়েছে, “ওই লরিগুলি বীরভুম থেকে আসছিল। তাদের কাছে উদ্ধার হওয়া চালান সন্দেহজনক হওয়ায় মামলা দায়ের করা হয়েছে। চালানগুলি খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার কাঁকসা ভূমি রাজস্ব দফতর ও কাঁকসা থানার পুলিশ যৌথ অভিযানের সময় পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের ওপর অবৈধ দুটি বালি বোঝাই ট্রাক্টর ও ৩টি লরি আটক হয়। গাড়ি গুলির চালকদের কাছে বৈধ চালান না থাকায় গাড়ি গুলিকে আটক করে কাঁকসার থানার পুলিশ। তার দুদিন আগে কাঁকসা থানার পুলিশ দুটি অবৈধ বালি বোঝাই দুটি লরি আটক করে। ঘটনায় দুজনকে গ্রেফতার করে। ওই বালি বোঝাই লরি দুটি বীরভূম জেলা থেকে পানাগড় – দুবরাজপুর রাজ্য সড়ক হয়ে আসছিল। কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে লরি দু’টি ধরা পড়ে। ওই দুই লরির চালান সন্দেহজনক জাল হওয়ায় ভুমিরাজস্ব দফতর মামলা দায়ের করে। আর প্রশ্ন এখানে রাজ্যের রাজস্ব ফাঁকি দিয়ে আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে অবৈধ বালির রমরমা কারবার। প্রশ্ন এই জাল চালান কোথা থেকে আসছে? প্রসঙ্গত, ২০১৯ সালের আগষ্ট মাসে কাঁকসার এগারো মাইল থেকে মিলন অধিকারী নামে এক বালি মাফিয়া জাল চালান ও আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে। পরবর্তী কালে ২০২১ সালে জাল চালান দিয়ে বালি পাচারের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করে। আটক হয় ১৪ টি অবৈধ বালি বোঝাই লরি। বাজেয়াপ্ত হয় প্রচুর জাল চালান। তারপর এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যের ভূমি রাজস্ব দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কাঁকসা ভূমি রাজস্ব দফতর জানিয়েছে,” নিয়মিত অভিযান হয়। এদিন ৩ টি লরি আটক হয়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।