জম্মু, ১৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি মিনিবাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের, এছাড়াও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পুঞ্চের সৌজিয়ান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মাণ্ডি থেকে আসছিল যাত্রীবাহী ওই মিনিবাসটি। মঙ্গলবার সকালে জেকে ১২ ১৪১৯ নম্বরের বাসটি পুঞ্চ জেলার বাররি নাল্লাহর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনাগ্রস্ত ওই বাসে ২৪-৩০ জন ছিলেন বলে জানা যাচ্ছে। পাহাড়ি রাস্তা থেকে বেসামাল হয়ে খাদে পড়ে যাওয়ায় বাসটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে ৫ ও ১৪ বছর বয়সী দুই নাবালক রয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপ-রাজ্যপাল। পাশাপাশি মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

