কেজরিওয়ালকে সিঙ্গাপুরে যেতে না দেওয়ার জন্য কেন্দ্র ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে নোটিশ

নয়াদিল্লি, ২৯ আগস্ট ( হি.স.) : মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিঙ্গাপুরে যেতে না দেওয়ার বিরুদ্ধে দায়ের করা পিটিশনে কেন্দ্রীয় সরকার এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে নোটিশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি যশবন্ত ভর্মা আট সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের ২৩ জানুয়ারি।

আদালত বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং অর্থ মন্ত্রককেও নোটিশ জারি করেছে এবং তাদের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। পিটিশনটি দায়ের করেছেন দিল্লি সরকারের পরিবহণমন্ত্রী কৈলাশ গেহলট। আবেদনে বিদেশ ভ্রমণের বিষয়ে বিস্তারিত নির্দেশিকা চাওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে সিঙ্গাপুরে যেতে না দেওয়া বেআইনি। আবেদনে আদালতের কাছে সরকারি ও ব্যক্তিগত বিদেশ ভ্রমণের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কেজরিওয়ালকে সিঙ্গাপুরে মেয়রদের সম্মেলনে যোগ দিতে দেননি। লেফটেন্যান্ট গভর্নর বলেছিলেন যে সিঙ্গাপুরে মেয়রদের একটি সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার প্রয়োজন নেই।