জম্মু, ২৩ আগস্ট (হি.স.): প্রায় ৬ ঘন্টারও কম সময়ে ৪-বার ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর। প্রতিটি ভূমিকম্পের তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। প্রথম ভূমিকম্প মঙ্গলবার ভোররাত ২.২০ মিনিট নাগাদ অনুভূত হয় জম্মুর কাটরা এলাকায়, সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৯। এরপর ভোররাত ৩.২১ মিনিট নাগাদ ২.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়, সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল ডোডার ৯.৫ কিলোমিটার উত্তর-পূর্বে।
তৃতীয় ভূমিকম্প অনুভূত হয় ৩.৪৪ মিনিট নাগাদ, উধমপুরের ২৯ কিলোমিটার পূর্বে অনুভূত হওয়া সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৮। চতুর্থ ভূমিকম্প অনুভূত হয় সকাল ৮.০৩ মিনিট নাগাদ। উধমপুরের অনুভূত হওয়া এবারের ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৯। উধমপুরের ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল উপকেন্দ্র।

