নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ ফের বিদ্যালয়ে চুরির ঘটনা৷ পরীক্ষা দিতে এসে ছাত্রের ব্যাগ থেকে উধাও মোবাইল ফোন৷ ঘটনা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে৷ ঘটনার বিবরণে জানা গেছে, মহাবিদ্যালয়ে এদিন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল৷ সম্রাট দাস নামে এক ছাত্র পরীক্ষা দিয়ে বের হয়ে দেখতে পায় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি উধাও৷ শুধু একটি মোবাইলই নয়, সেই সাথে অন্য আরও তিনজন ছাত্রের একই কায়দায় চুরি হয়েছে মোবাইল ফোন৷ পরে মঙ্গলবার বিকেলে উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে মামলা দায়ের করেছে কলেজ পড়ুয়া ছাত্ররা৷ রাজ্যজুড়ে চুরি-কাণ্ডগুলি সংঘটিত হওয়ার পর এবার মহাবিদ্যালয় থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সচেতন মহলে৷ পুলিশের সাইবার বিভাগ আদৌ এই ঘটনাগুলির কোন সুরাহা করতে পারে কিনা সেটাই দেখার৷
2022-08-16

