আর্থিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা, দ্বীপরাষ্ট্রকে নতুন করে অর্থায়নের পরিকল্পনা নেই বিশ্বব্যাঙ্কের

ওয়াশিংটন, ২৯ জুলাই (হি.স.): আর্থিক সঙ্কটে দিশেহারা অবস্থা শ্রীলঙ্কায়। নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন দ্বীপরাষ্ট্রের মানুষজন। এমতাবস্থায় বিশ্বব্যাঙ্ক জানিয়ে দিল, শ্রীলঙ্কাকে নতুন করে অর্থায়নের পরিকল্পনা নেই তাঁদের। এক বিবৃতিতে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, একটি পর্যাপ্ত সামষ্টিক অর্থনৈতিক নীতি কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, বিশ্বব্যাঙ্ক শ্রীলঙ্কাকে নতুন অর্থায়নের পরিকল্পনা করছে না।

আর্থিক সঙ্কটে জেরবার অবস্থা শ্রীলঙ্কায়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া। সঙ্কট জ্বালানি তেলের। আর্থিক সঙ্কটের জেরে রাজনৈতিক অচলাবস্থায় দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। এই পরিস্থিতিতে শুক্রবার এক বিবৃতিতে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি এবং শ্রীলঙ্কার জনগণের উপর এর প্রভাব সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্বব্যাঙ্ক গ্রুপ…যতক্ষণ না একটি পর্যাপ্ত সামষ্টিক অর্থনৈতিক নীতি কাঠামো তৈরি না হয়, বিশ্বব্যাঙ্ক শ্রীলঙ্কায় নতুন অর্থায়নের পরিকল্পনা করবে না।