Mohammed Salim:স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে বিশেষ কর্মসূচির ঘোষণায় বিদ্রুপের মুখে সেলিম

কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষ্যে বিশেষ কর্মসূচির ঘোষণায় নেটানাগরিকদের বিদ্রুপের মুখে পড়েছেন সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

ফের অভিনব উদ্যোগ নিতে চলেছে বামেরা। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছরে স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে তা তুলে ধরতেই এই কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট মুজফফর আহমেদের জন্মদিন। সেই দিন থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা রাজ্যজুড়ে স্বাধীনতার ৭৫ বছর নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করবে সিপিআই(এম)। এই কথাই সম্প্রতি জানিয়েছেন সেলিম। তিনি জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছরে স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে তা তুলে ধরতেই এই কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা এবং শহীদদের স্মরণ করে রাজ্যজুড়ে পোস্টার, পথসভা, সেমিনার ইত্যাদি নানা ধরণের কর্মসূচী পালন করা হবে। বাদ যাবে না গণসংগঠনগুলিও। তাদের পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেই জানা গেছে।

গৌতম ঘোষ লিখেছেন, “যারা স্বাধীনতার দিন পতাকা তুলতো না তারা দিনটা পালন করবে। সত্যিই এবার হাসি পাচ্ছে।“ নীতিশ ভৌমিক লিখেছেন, “এতদিনে ঘুম ভাঙলো, প্রণমি তোমায়।“ দুর্গা রুদ্র লিখেছেন, “ভুতের মুখে রাম নাম। এরা ঠেকে শেখে অর্বাচীন দল।“ শ্যামল ভট্টাচার্য লিখেছেন, “ইয়ে আজাদী ঝুটা হ্যায়, এই একটা লাইন ই জানেন, পরের লাইনটা আর জানেন না, লজ্জার কিছু নেই, অধিকাংশই আপনার মতো, জেনে নিন পরের লাইনটা হচ্ছে —-দেশকে আদমী ভুখা হ্যায়।“

সুমিত মুখার্জি লিখেছেন, “আশা করি, স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলা, বিশ্ববরেণ্য ভারত বরেণ্য নেতাজীকে তোজোর কুকুর বলা, বিপ্লবী অনন্ত সিংহকে ডাকাত নামে অভিহিত করা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলা, স্বামী বিবেকানন্দকে ভন্ড সাধুরূপি হতাশ বেকার বলে কটাক্ষ করা ভাম সিপিএম দলের নিজেদের এই স্বরচিত ইতিহাস প্রচারের কর্মসূচীকে বানচাল করবেন আপনাদের শিক্ষা সচেতনতা দিয়ে।“ কৃষ্ণা মুখার্জি লিখেছেন, “কোনো কর্মসূচী কাজেই লাগবে না নিশ্চিত।“ সুনির্মল সাহা লিখেছেন, “এই স্বাধীনতার রীতিমত বিরোধিতা করে এখন নাটক করছে।”

প্রসঙ্গত, দেশের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ঐতিহ্যকে তুলে ধরার প্রয়োজনীয়তা ঠিক কতটা তা ব্যাখ্যা করে সাংবাদিক বৈঠকে সেলিম বলেছেন, কেন্দ্রের শাসন ক্ষমতায় এখন যারা আছে তারা দেশের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা পালন করেনি। তারা ব্রিটিশদের সাম্রাজ্যবাদী মনে করত না। বরং তারা মনে করত ব্রিটিশরাই ভারতের বুকে মুসলিম শাসনের অবসান করেছে। স্বাধীনতা সংগ্রামে যাদের কোনও অবদানই নেই, তারা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে কী করে! ওরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই বিকৃত করেছে।