আগরতলা, ২৯ জুন৷৷ ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমায় বুধবার পানীয় জলের দাবীতে পথ অবরোধ করা হয়েছে৷ বাগছড়া এলাকায় বুধবার সকাল থেকেই পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ আন্দোলনে শামিল হন৷
এলাকার উপজাতি অংশের জনগণ অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সংকট চলেছে৷ পানীয় জলের সংকট মোচনের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে স্থানীয় প্রশাসন এবং নেতাদের কাছে বারবার দাবি জানানো হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই আশ্বাসবাণী ছাড়া বাস্তবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷
জল কষ্টে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই বুধবার সকালে তারা পথ অবরোধ আন্দোলনে শামিল হন৷ অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধ প্রত্যাহার করার জন্য অবরোধকারীদের সঙ্গে কথা বলেন৷ প্রশাসনের তরফ থেকে অবরোধকারীদের আশ্বস্ত করা হয় এলাকায় ট্যাংকারে করে নিয়মিত পানীয় জল সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হবে৷ সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত তারা অবরোধ প্রত্যাহার করে নেন৷

