আগরতলা, ২২ জুন : উপ নির্বাচনের প্রাক মুহুর্তে সন্ত্রাসের আঁচ মিলেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।আহত তৃনমুল কর্মীর নাম রঞ্জিত দাস। বাড়ি তাঁর বিলোনিয়া থানাধীন চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের জয়নগর এলাকায়। আহত ব্যক্তি বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলায় গিয়ে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে অংশ করার অপরাধে এক তৃনমুল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাসক বিজেপি দলের বিরুদ্ধে। বাড়ি থেকে ডেকে নিয়ে জয়নগরের বাজার এলাকায় মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মী রঞ্জিত দাসের। রণজিৎ দাস পেশায় একজন অটোচালক। মারধরের পাশাপাশি অটো নিয়ে রাস্তায় না বের হবারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বাইক বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, একদল দুষ্কৃতী জয়নগর বাজারে রঞ্জিত দাসের উপর চড়াও হন। তবে বাজারের কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি। অবশেষে কোনো ক্রমে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন রঞ্জিত। এদিকে তৃণমূল কর্মীর উপর আক্রমনের খবর পেয়ে দলীয় নেতা কর্মীরা রঞ্জিতের বাড়িতে ছুটে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে এসেছে বলে খবর। উপ নির্বাচনের আগেই এধরনের হামলার ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে।

