আগরতলা, ১৫ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে ইভিএমের কমিশনিং শুরু হয়েছে। আগরতলায় দুইটি আসনে উপনির্বাচনে ইভিএমের কমিশনিং আজ উমাকান্ত স্কুলের অডিটরিয়ামে শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই কমিশনিং-র কাজ আগামীকালও চলবে। এদিন উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ অবজারভার, দুইটি আসনের রিটার্নিং অফিসার সহ অন্যান্য আধিকারিকগণ।
এদিন রিটার্নিং অফিসার অসীম সাহা জানিয়েছেন, দুই কেন্দ্রের জন্য ২০টি টেবিলে ইভিএম কমিশনিং করা হচ্ছে। পাশাপাশি দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য বরাদ্দ ইভিএম ও ভিভিপ্যাট রয়েছে তার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, ৬-আগরতলা কেন্দ্রে ইভিএম রয়েছে ৭৭ টি এবং ভিভিপ্যাট রয়েছে ৮৩ টি। ৮-টাউন বড়দোয়ালী কেন্দ্রে ইভিএম রয়েছে ৭৯টি এবং ভিভিপ্যাট রয়েছে ৮৪টি।
তিনি জানান, ৬-আগরতলা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৫৫টি এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৫৬টি। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠ ভাবেই সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন রিটার্নিং অফিসার অসীম সাহা।

