নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ দুই থেকে তিন ঘন্টার বৃষ্টিতে বানভাসী হয়েছিল শহর আগরতলা৷ রাজধানীর শকুন্তলা রোডে প্রায় বুক সমান জল জমে৷ দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের৷ এবার জল যন্ত্রনা রোধে উদ্যোগ নিল পুর নিগম৷ আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে বুধবার আগরতলা শকুন্তলা রোডে জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে শকুন্তলা রোডের দুপাশে থাকা ড্রেনের কালভার্ট ভেঙ্গে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তারই অঙ্গ হিসেবে রাস্তার দু’ধারে থাকা ড্রেনের কালভার্ট ভেঙ্গে ফেলা হয়৷
পুর নিগমের পক্ষ থেকে সেন্ট্রাল জোন এর চেয়ারম্যান রত্না দত্ত জানান কিছু আগের বৃষ্টিতে শহরের অবস্থা বেহাল হয়ে পড়ে৷ জল জমে যায় শকুন্তলা রোড এলাকায়৷ আগরতলা পুর নিগমের কমিশনার সহ সকলে মিলে চেষ্টা চালান জমা জল নিষ্কাশনের জন্য৷ তারপর ব্যবসায়ীদের জানানো হয়েছিল ড্রেনের উপরে থাকা স্লেব গুলি ভেঙ্গে ফেলার জন্য৷ ড্রেইন গুলি পরিষ্কার করা যায়৷ কিন্তু ব্যবসায়ীরা স্লেব গুলি না ভাঙ্গায় পুর নিগম থেকে ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷
রত্না দত্তের কথায়, জনগণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই প্রত্যেক ব্যবসায়ী যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ ওরিয়েন্ট চৌমুহনী , শকুন্তলা রোডের ড্রেইনের স্লেবগুলি ভেঙ্গে দিয়ে ড্রেইন পরিষ্কার করা হবে বলে জানান তিনি৷ আগামী দিনে পুর নিগম থেকে পুনরায় স্লেব গুলি নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান পুর নিগমের সেন্ট্রাল জোন এর চেয়ারম্যান রত্না দত্ত৷

