নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক এবং অসামরিক বিমান পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী জেনারেল ড. ভি কে সিং (অবসরপ্রাপ্ত) আজ লংতরাইভ্যালী মহকুমার মনু ব্লকের ময়নামার মাধবচন্দ্র পাড়াতে মাধবচন্দ্র উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক শম্ভুলাল চাকমা, স্বশাসিত জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস ও ধলাই জেলার জেলাশাসক গোভেকর ময়ূর রতিলাল৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক দপ্তরের প্রতিমন্ত্রী ড. সিং বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে যেসব উন্নয়নমূলক কার্যকলাপ চলছে তা তুলে ধরেন৷ বিশেষ করে গ্রামীণ এলাকায় পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রের উন্নয়নের কথা তিনি উল্লেখ করেন৷ তিনি বলেন, বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রশাসন ও সাধারন মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন ও গ্রামীণ এলাকার মানুষের সার্বিক উন্নয়ন৷ ধলাই জেলায় শীঘই একটি নতুন মেডিক্যাল কলেজের কাজ শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷
অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, ব্যক্তি, পরিবার তথা সমাজের উন্নয়নের স্বার্থে শিশুদের বিশেষ করে গ্রামীণ এলাকার শিশুদের জন্য গুণগত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা খুবই দরকার৷ মাধব চন্দ্র উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের এস এম সি চেয়ারম্যান ভুজরঞ্জন চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷
উল্লেখ্য, এই নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে আরআইডিএফ থেকে৷ এজন্য ৮.৬৭ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ ৮২০.৭৫ বর্গ মিটার এলাকায় নির্মিয়মান এই বিল্ডিং-এ থাকবে ২২টি ক্লাসরুম, ৩টি সায়েন্স ল্যাবরেটরি, ২টি প্রশাসনিক ব্লক ও ১টি লাইবেরি৷ তাছাড়া, আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সিং জাতীয় ৮(এ) এর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট আধিকারিক ও শ্রমিকদের সাথে এব্যাপারে কথা বলেন৷ তিনি মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রও পরিদর্শন করেন এবং সেখানে স্বাস্থ্য পরিষেবার খোঁজ খবর নেন৷

