Accident: হরিয়ানার ঝাজ্জরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের পিষল ট্রাক; মৃত্যু ৩ জনের, আহত ১১

ঝাজ্জর, ১৯ মে (হি.স.): হরিয়ানার ঝাজ্জর জেলায় রাস্তার ধারে ঘুমিয়ে থাকা শ্রমিকদের পিষে দিল একটি ট্রাক। ট্রাকের চাকা পিষে মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের, এছাড়াও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে কুন্দলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ের ওপর বাহাদুরগড় এলাকায়, আসোদা টোল প্লাজার কাছে।

পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে ঘুমিয়েছিলেন ১৮ জন শ্রমিক, বৃহস্পতিবার ভোররাতে কয়লাভর্তি একটি ট্রাক তাঁদের পিষে দেয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, ১১ জনকে উদ্ধার করে বাহাদুরগড় শহরের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১০ জনকে রোহতকের একটি হাসপাতালে রেফার করা হয়েছে। রক্ষা পেয়েছেন ৪ জন শ্রমিক।

ডেপুটি কমিশনার ক্যাপ্টেন শক্তি সিং জানিয়েছেন, শ্রমিকরা একটি বেসরকারী ঠিকাদারের জন্য কাজ করতেন এবং তাঁরা রাস্তা মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। বুধবার রাতে খাবার খাওয়ার পর, রাস্তার ধারে খোলা স্থানে ঘুমিয়েছিলেন ১৮ জন শ্রমিক। রাতে পুলিশের টহলদারি টিম দু’বার তাঁদের সতর্ক করেছিল, কিন্তু কোনও কথা শোনেননি তাঁরা। ভোররাতে একটি ট্রাক তাঁদের ওপর দিয়ে ছুটে যায়।”