নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাগে অভিমানে আত্মঘাতী এক এসপিও জওয়ান৷ ঘটনা কদমতলা থানাধীন সরসপুর পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে৷ মৃত জোয়ানের নাম শেখর নাথ(৩৮)৷ মৃত এসপিও জওয়ান কদমতলা থানায় কর্মরত ছিল বলে জানা গেছে৷ একটি সুইসাইড নোট উদ্ধার হয়৷ সেই নোট অনুযায়ী রবিবার সন্ধ্যায় থানার গাড়ি নিয়ে অন্যান্য জোওয়ানদের কর্তব্যস্থলে নামিয়ে থানায় ফেরার পথে একটি গাড়ির সঙ্গে সামান্য দুর্ঘটনা ঘটে৷ তার সুইসাইড-নোট থেকে জানা যায় ওই চালক নাকি তাকে মারধোর করে৷
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই ঘটনার জেরেই আত্মহত্যা করেছে সে৷ রাতের কোনো এক সময় নিজের বাড়ির সামনেই একটি লিচু গাছে গামছা দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে৷ তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এই বিষয়ে কদমতলা থানা একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে৷ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া৷

