ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।। ভুলগুলো শুধরে আবারও প্রস্তুত ত্রিপুরার মেয়েরা। এবার প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। লক্ষ্য একটা রয়েছে বৈকি। অন্ততঃপক্ষে ন্যূনতম গোলে জয় পেলে গ্রুপ রানার্স-এর স্বীকৃতি পেতে পারে। ত্রিপুরা দলের মূল পর্বে খেলার স্বপ্ন ইতিমধ্যে চূর্ণ বলা যায়। কেননা, মনিপুরের ইম্ফলে আয়োজিত হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গ্রুপ-জি থেকে পাঞ্জাব ইতিমধ্যে পরপর দুই ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। পাঞ্জাবে হকির মৃগয়া ক্ষেত্র হিসেবে পরিচিত।
পাঞ্জাবি রমনীদের সঙ্গে খেলে ত্রিপুরার মেয়েরা কিছুটা হলেও শিক্ষণীয় বিষয় পেয়েছে। উদ্দেশ্য রয়েছে আগামীকালের ম্যাচে তার কিছুটা প্রয়োগ করে নিজেদের প্রতিভা তুলে ধরার। ত্রিপুরা-হিমাচল প্রদেশের মধ্যে নিয়ম রক্ষার ম্যাচ আগামীকাল হচ্ছে। জাতীয় মানের হকি টুর্নামেন্টে ত্রিপুরার মতো জম্মু-কাশ্মীর, গুজরাট, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও তেলেঙ্গানার মত রাজ্যদলও ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায়ের টিকিট পেয়েছে এবং ঘরে ফেরার প্রহর গুনছে।

