ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।। জয় দিয়ে দারুণ সূচনা ওয়েস্ট জোনের। প্রত্যাশিতভাবেই ওয়েস্ট জোন লিগের প্রথম ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে সেন্ট্রাল জোনকে হারিয়ে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৫ আন্তঃজোনাল রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে আজ দুই মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যদিও সকালে বর্ষণের কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ায়, ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ১০ করা হয়েছিল। খেলাও হয়েছে অনেকটা টি-টেন আদলে।
পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে বেলা সোয়া দুইটা নাগাদ ম্যাচ শুরুতে ওয়েস্ট জোন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত ১০ ওভারে সেন্ট্রাল জোন ৭ উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে কেউ তেমন ভালো রান করতে পারেনি। অতিরিক্ত খাতে ১৫ রান না পেলে স্কোরকার্ড আরো খারাপ হতো। ওয়েস্ট জোনের রাকেশ রুদ্র পাল বোলিংয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং একাই ৪ উইকেট তুলে নিয়েছে ৪ রানের বিনিময়ে। এছাড়া, দীপ দেব, শুভজিৎ দাস ও রিয়াদ হোসেন প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েষ্ট জোন মূলতঃ অধিনায়ক আয়ুষ দেবনাথ ও দীপঙ্কর ভাটনগর জুটির ব্যাটিংয়েই দল সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৮.২ ওভার খেলে ১ উইকেট হারিয়েই ওয়েস্ট জোন জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ রাকেশ রুদ্রপাল পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। দিনের খেলা: সেন্ট্রাল জোন বনাম নর্থ জোন, পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে, সকাল ৯ টায়।

