তেলিয়ামুড়া, ৪ এপ্রিল : মুঙ্গিয়াকামি ব্লক এলাকার কাঁকড়া ছড়া এডিসি ভিলেজের হাপেরাই পাড়ায় সোমবার দিন দুপুরে অগ্নিকাণ্ডে এক জনজাতি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বাড়ির মালিকের নাম সপাজয় রিয়াং।
জানা গেছে, দিনদপুরে আচমকা ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে বসত ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর পরই স্থানীয় জনগণ দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী চড়াই-উৎরাই পার হয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

