লখনউ, ২২ জানুয়ারি (হি.স.) : পশ্চিম উত্তরপ্রদেশের কারহাল বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এদিন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে ঘোষণা করেছেন।
উত্তরপ্রদেশে এবার মূল লড়াই শাসক দল বিজেপির সঙ্গে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অখিলেশ দু’জনেই এবারই প্রথম বিধানসভা ভোটে লড়াই করবেন। অখিলেশ বর্তমানে উত্তরপ্রদেশের আজমগড়ের সাংসদ। অন্যদিকে, যোগী বিধান পরিষদের সদস্য। গত সপ্তাহেই বিজেপি ঘোষণা করে যোগী লড়বেন তাঁর রাজনীতির আতুঁড়ঘর গোরখপুর (শহর) আসন থেকে।
যোগী প্রার্থী হচ্ছেন জেনে অখিলেশও ঘোষণা করেন, বিধানসভায় লড়বেন তিনিও। যোগীর ক্ষেত্রে প্রাথমিকভাবে বারাণসি, অযোধ্যা এবং মথুরা—এই তিন আসনের কথা ভাবা হয়েছিল। কিন্তু নানা অঙ্কে যোগীর জন্য বরাদ্দ হয় তাঁর নিজের এলাকা গোরখপুর। অন্যদিকে, অখিলেশের জন্য যাদবভূমি মথুরার কথা ভাবা হলেও দেখা যাচ্ছে তিনিও সবচেয়ে নিরাপদ আসন বেছে নিলেন দল এবং পরিবারের সমীকরণ মাথায় রেখে।
কারহাল বিধানসভা মৈনপুরী লোকসভার অন্তর্গত। লোকসভার বর্তমান সাংসদ অখিলেশের বাবা তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। ২০১৯-এ রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টি জিতেছিল মাত্র পাঁচটিতে। তারমধ্যেও চমকপ্রদ রেজাল্ট ছিল অসুস্থ মুলায়মের। প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে জেতেন তিনি।
২০১৯-এ মোদী ঝড়ের মুখেও আজমগড়ে অখিলেশ চমকপ্রদ ফল করেন। জেতেন আড়াই লাখেরও বেশি ব্যবধানে। কিন্তু সাংসারিক বিবাদের কথা মাথায় রেখে বাবার লোকসভা আসন এলাকায় প্রার্থী হয়ে অখিলেশ আরও একবার মুলায়মের রাজনৈতিক অতীতের উপর নিজের কর্তৃত্ব জাহির করতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

