নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): সন্দেহজনক দু’টি ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়াল রাজধানীতে। বুধবার দুপুরে পূর্ব দিল্লির ত্রিলোকপুরী এলাকায় দু’টি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খতিয়ে দেখার পর ওই ব্যাগ থেকে কিছুই পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দুপুর একটা নাগাদ ফোন করে জানানো হয় ত্রিলোকপুরীর ব্লক-১৫-র ৫৯ নম্বর মেট্রো স্তম্ভের কাছে পড়ে রয়েছে দু’টি ব্যাগ। খবর পাওয়া মাত্রই পৌঁছে যায় দিল্লি পুলিশ।
ওই ব্যাগ দু’টির ভিতরে কী রয়েছে তা খতিয়ে দেখা হয়। খবর দেওয়া হয়েছে বম্ব ডিস্পোজাল স্কোয়াডকেও। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সন্দেহজনক দু’টি ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকাটি ঘিরে ফেলা হয়। কিন্তু, ওই ব্যাগ থেকে কিছুই পাওয়া যায়নি। পূর্ব দিল্লির ডিসিপি প্রিয়াঙ্কা কাশ্যপ জানিয়েছেন, দু’টি ব্যাগের বিষয়ে পিসিআর কল আসে। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দেখেছে ওই ব্যাগে সন্দেহজনক কিছু নেই। এটা ব্যাগ ছিনতাইয়ের ঘটনা, আমরা ওই ব্যক্তিকে শনাক্ত করেছি এবং জিনিসপত্র হস্তান্তর করব।”

