বিমান হাইজ্যাকের হুমকি দিয়ে ইমেইল, ত্রিপুরায় ধৃত যুবক

আগরতলা, ১৫ জানুয়ারি (হি. স.) : বিমান হাইজ্যাকের হুমকি দিয়ে ইমেইলের অভিযোগে ত্রিপুরা পুলিশ এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে। তাঁর অভিভাবকের দাবি, তাঁদের সন্তান বেশ কিছু দিন ধরে মানসিকভাবে অসুস্থ। চিকিত্সক দেখানো হয়েছে। পুলিশ সমগ্র বিষয় খতিয়ে দেখছে।


এ-বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মুকুলেন্দু দাস জানিয়েছেন, গতকাল এমবিবি বিমান বন্দরের অধিকর্তা হুমকিভরা ইমেইলের অভিযোগ জানিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভট্টপুকুর এলাকার বাসিন্দা সুমিত দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। সাথে তাঁর অভিভাবকদের থানায় আসতে বলা হয়েছে।


তিনি বলেন, ইমেইলের যাবতীয় খুটিনাটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের জিজ্ঞাসাবাদে কিছু অসংলগ্নতা পাওয়া গেছে। তাই, সমগ্র বিষয় সবিস্তারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ওই যুবকের অভিভাবকদের দাবি, তাঁদের সন্তান মানসিকভাবে অসুস্থ। তাঁদের দাবির সত্যটাও খতিয়ে দেখছে পুলিশ, বলেন মুকুলেন্দু বাবু।