দিল্লিতে লকডাউনের পরিকল্পনা নেই, শীঘ্রই কমে যাবে সংক্রমণ : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): দিল্লিতে লকডাউনের কোনও পরিকল্পনা নেই বলেই জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। রাজধানীতে গত কয়েকদিনের করোনা-আক্রান্তের সংখ্যার পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেছেন, দিল্লিতে শীঘ্রই কমে যাবে করোনা-সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, বিগত ৪ দিন ধরে কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা স্থির, যা ভালো লক্ষণ। হাসপাতালের বেড ভর্তি ১৫ শতাংশ।

এরপরই সত্যেন্দ্র জৈন জানান, দিল্লিতে লকডাউন বলবৎ করার কোনও পরিকল্পনা নেই। গত কয়েকদিনের তথ্য জানান দিচ্ছে দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা শীঘ্রই কমবে। দিল্লিতে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমছে। বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে ৩ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। দিল্লিতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫৪৯, তাঁদের মধ্যে ৫৭ জন সুস্থ হয়েছেন।