বোম্মাইয়ের আবেদনে সাড়া, মেকেদাতু পদযাত্রা স্থগিত করল কর্ণাটক কংগ্রেস

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): কোভিড-আবহে মেকেদাতু পদযাত্রা স্থগিত করার আবেদন জানিয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। সেই আবেদনে সাড়া দিয়েছে কর্ণাটক কংগ্রেস। আপাতত স্থগিত করা হয়েছে মেকেদাতু পদযাত্রা। বেঙ্গালুরুতে পদযাত্রার চূড়ান্ত অনুষ্ঠানের অনুমতি বাতিল এবং হাইকোর্টের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে মেকেদাতু পদযাত্রা সম্পর্কিত ভবিষ্যত পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার রামানগরে বৈঠক করেন কর্ণাটক কংগ্রেসের নেতারা। সেই বৈঠকের পরই মেকেদাতু পদযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া জানিয়েছেন, “করোনা-সংক্রমণের সংখ্যা কমলেই, আমরা রামানগর থেকে পুনরায় পদযাত্রা শুরু করব, এই পদযাত্রা ৭ দিন ধরে চলবে।” মেকেদাতু পদযাত্রা স্থগিত করার জন্য আবেদন জানিয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। তিনি আবেদন জানিয়েছিলেন সিদ্দারামাইয়া ও কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের কাছে।