বিজেপি ও সপা নয়, উত্তর প্রদেশে এবার জিতবে মায়াবতীর দল : সতীশ মিশ্র

লখনউ, ১১ জানুয়ারি (হি.স.): বিজেপি অথবা সমাজবাদী পার্টি (সপা) নয়, উত্তর প্রদেশে এবার জিতবে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)। মঙ্গলবার অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন বিএসপি সাংসদ সতীশ চন্দ্র মিশ্র। একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এবং তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সাংবাদিকদের মুখোমুখি এদিন সতীশ চন্দ্র মিশ্র বলেছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এবং আমি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।”

এরপরই সতীশ বলেছেন, “সমাজবাদী পার্টির যদি ৪০০ জন প্রার্থীই না থাকে তাহলে তাঁরা ৪০০ আসনে কীভাবে জিতবেন? সমাজবাদী পার্টিও নয়, বিজেপিও নয়, উত্তর প্রদেশে সরকার গঠন করতে চলেছে বহুজন সমাজ পার্টি।” উল্লেখ্য, উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তম দফা ৭ মার্চ। ভোটগণনা হবে ১০ মার্চ।