করোনা-আক্রান্ত খুশি কাপুর, বাড়িতেই নিভৃতবাসে থাকতে হচ্ছে জাহ্নবী ও ববিকে

মুম্বই, ১১ জানুয়ারি (হি.স.): কাপুর পরিবারে ফের করোনা হানা, কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের বোন খুশি কপূর। ফলে আপাতত বাড়িতেই নিভৃতবাসে থাকতে হচ্ছে জাহ্নবী এবং তাঁর বাবা বনি কাপুরকেও। কোভিড-আবহে নিজেদের সুরক্ষিত রাখতে বেশ কয়েক দিন ধরে বাড়িতেই ছিলেন খুশি, জাহ্নবী। ছবি এঁকে, পোষ্যকে নিয়ে ব্যস্ত ছিলেন তাঁরা। বাড়িতে থেকেও করোনায় সংক্রমিত খুশি। কিন্তু এখনও পর্যন্ত জাহ্নবীর শরীরে বাসা বাঁধেনি এই ভাইরাস।

ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন কাপুর পরিবারের আরও দুই সদস্য— অর্জুন কপূর এবং অংশুলা কপূর। তবে এখন তাঁরা করোনা-মুক্ত। তাঁদের তুতো বোন রিয়া কাপুর এবং তাঁর স্বামী কর্ণ বুলানিও একই রোগে আক্রান্ত হয়েছিলেন। নিয়ম মেনে নিভৃতবাসে ছিলেন তাঁরাও। এবার কাপুর পরিবারের সদস্য খুশি সংক্রমিত হলেন কোভিডে।