পানাজি, ১০ জানুয়ারি (হি.স.): গোয়ায় বিজেপি ছাড়ার যে প্রবণতা চলছে তাতে মোটেও আফসোস নেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। টুইট করে তা জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি ছেড়েছেন মাইকেল লোবো। শুধু বিজেপিই ছাড়েননি, সোমবার গোয়ার মন্ত্রিসভা ও বিধায়ক পদ থেকেও তিনি ইস্তফা দেন। এরপর এদিনই মায়েমের বিধায়ক প্রবীণ জান্তে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এমতাবস্থায় সোমবার টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রমোদ সাওয়ান্ত লিখেছেন, “ভারতীয় জনতা পার্টি একটি বড় পরিবার, এই দল পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে চলেছে। লোভ ও ব্যক্তিগত স্বার্থের এজেন্ডা পূরণের জন্য কিছু দলত্যাগ আমাদের সুশাসনের এজেন্ডাকে বাধাগ্রস্ত করতে পারে না।” অপর একটি টুইটে প্রমোদ লেখেন, “গোয়ার জনগণ এক দশক ধরে বিজেপির সুশাসন ও উন্নয়নের মডেল প্রত্যক্ষ করেছেন এবং আমি নিশ্চিত জনগণ আমাদের আরও একটি মেয়াদ কাজ করার জন্য সুযোগ দেবেন। জয় হিন্দ, জয় গোয়া।”

