কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): গত কয়েকদিন ধরেই সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনা। একদিকে করোনা আতঙ্ক, অপরদিকে ওমিক্রন। দুয়ে মিলিয়ে চরম নাজেহাল সাধারণ মানুষ। তবে, সাধারণ মানুষকে সচেতন করতে সর্বদা প্রস্তুত পুলিশ-প্রশাসন। করোনা থেকে বাঁচতে মাস্ক, স্যানিটাইজারই একমাত্র ভরসা, কোভিড-আবহে একশ্রেণীর মানুষকে সচেতন করতে মঙ্গলবার মাস্ক নিয়ে কড়াকড়ি দেখা গেল ধর্মতলায়।
গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বিপুল হারে বেড়ে গিয়েছে। কিন্তু তবুও হুশ ফেরেনি বহু মানুষের মধ্যে। এখনও অনেককেই লক্ষ্য করা যাচ্ছে মাস্ক ছাড়া। মাস্ক থাকলেও সেটা কানে কিম্বা গলায়। তবে, সাধারণ মানুষকে সচেতন করতে ফের পথে নামল কলকাতা পুলিশ। এদিন ধর্মতলায় কলকাতা পুলিশের তরফে কারও কাছে মাস্ক না থাকলেই তাঁকে মাস্ক দেওয়া হয়, পাশাপশি পুলিশের তরফে মাস্ক পরার গুরুত্ব বোঝানো হয়।

