টোকেন বন্ধ কলকাতা মেট্রোয়, স্মার্টকার্ড থাকলেই সফর করতে পারবেন যাত্রীরা

কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.): করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই ফের মেট্রোতে বন্ধ হল টোকেন দেওয়া। সোমবার থেকে মেট্রোতে শুধুই মিলছে স্মার্ট কার্ডের মাধ্যমে পরিষেবা। স্মার্টকার্ড থাকলেই মেট্রোতে যাত্রা করতে পারবেন যাত্রীরা। করোনা ও করোনার নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের নাজেহাল শহর তথা রাজ্যবাসী। রাজ্যবাসীকে সংক্ৰমণ মুক্ত রাখতে রাজ্য জুড়ে ফের চালু বিধিনিষেধ।

সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলেছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো সূত্রে খবর, সোমবার থেকেই টোকেন দেওয়া বন্ধ হয়েছে। যাঁদের কাছে স্মার্ট কার্ড থাকবে, তাঁরাই ঢুকতে পারবে মেট্রো স্টেশনে। পাশাপাশি মেট্রো স্টেশনে ঢোকার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে পরতে হবে মাস্ক। কোভিডবিধি না মানলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। উল্লেখ্য, গত ২৫ নভেম্বরই আগের পরিস্থিতি ফিরেছিল কলকাতা মেট্রোয়। কলকাতা মেট্রোয় চালু হয়েছিল টোকেন ব্যবস্থা। কিন্তু, সোমবার থেকে ফের বন্ধ হল টোকেন দেওয়া।