নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): শীতের আমেজ বজায় থাকলেও, তাপমাত্রা চড়ছে রাজধানী দিল্লিতে। শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজেই এদিন ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। একইসঙ্গে দূষণও ছিল মাত্রাতিরিক্ত। এদিন সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল ভীষণ খারাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সকাল ৯টা নাগাদ দিল্লির বাতাসের সামগ্রিক এয়ার কোয়ালিটি ছিল ৪১২, যা ভীষণ খারাপ।
ভোরের দিকে এতটাই দূষণ ও ধোঁয়াশা ছিল দিল্লিতে যে লাইট জ্বালিয়ে চলাচল করেছে সমস্ত গাড়ি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূষণ কিছুটা কেটে যায়। দিল্লি বিমানবন্দরেও ধোঁয়াশার প্রভাব পড়েছে, দৃশ্যমানতার অভাব দেখা দেয়। তবে, বিমান ওঠানামায় কোনও প্রভাব পড়েনি। সমস্ত বিমান স্বাভাবিক সময়েই চলাচল করেছে।

