নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের নতুন রূপে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। মঙ্গলবার পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২০০-তে পৌঁছেছে, মোট ১২টি রাজ্যে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে সর্বাগ্রে মহারাষ্ট্র ও দিল্লি, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৫৪, দিল্লিতেও করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৫৪ জন, তেলেঙ্গানায় ২০ জন, রাজস্থানে ১৮ জন, কর্ণাটকে ১৯ জন, কেরলে ১৫ জন, গুজরাটে ১৪ জন, উত্তর প্রদেশে দু’জন, অন্ধ্রপ্রদেশে একজন, চন্ডীগড়ে একজন, তামিলনাড়ুতে একজন ও পশ্চিমবঙ্গে একজন।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ২০০ জনের মধ্যে ইতিমধ্যেই ৭৭ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ২৮ জন, দিল্লিতে ১২ জন, রাজস্থানে ১৮ জনই সুস্থ, কর্ণাটকে ১৫ জন, উত্তর প্রদেশে দু’জনই সুস্থ, অন্ধ্রপ্রদেশে একজন সুস্থ হয়েছেন এবং পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন।

