নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): শীতে কাঁপছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। শৈত্যপ্রবাহের জেরে দ্রুত নামছে তাপমাত্রা। দিল্লি, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের একাংশে গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে নেমে গিয়েছে। দিল্লিতে মঙ্গলবার একটু বেড়ে তাপমাত্রা পৌঁছেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত পঞ্জাবের অমৃতসরে। একই অবস্থা উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও।
দিল্লি ও পঞ্জাবের পাশাপাশি এদিন প্রবল ঠাণ্ডায় কেঁপেছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার, রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাটের কচ্ছ প্রভৃতি। সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে। প্রবল ঠাণ্ডার মধ্যেই দিল্লির বাতাস এখনও দূষিত, এদিন দূষিত ছিল মহারাষ্ট্রের মুম্বই ও পুণের বাতাসও। দিল্লিতে অনেক সকালে বাতাসে গুণগত মান ছিল ৩১৬, পরে তা বেড়ে ৩৮০ অর্থাৎ খুব খারাপ পর্যায়ে পৌঁছে যায়।

