নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): প্রতি রবিবারের মতো এই রবিবারও অনেক কম টিকাকরণ হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ১৯ লক্ষ ১০ হাজার ৯১৭ জন প্রাপক। ফলে ভারতে ১৩৩.১৭-কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৩৩,১৭,৮৪,৪৬২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে ৬৫.৬৬-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১২ ডিসেম্বর সারা দিনে ভারতে ৮,৫৫,৬৯২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৫,৬৬,৭২,৪৫১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৮,৫৫,৬৯২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৫০ জন।

