দেহরাদূন, ১৩ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন উত্তরাখণ্ড বিধানসভার প্রাক্তন স্পিকার এবং প্রবীণ বিজেপি নেতা হরবংশ কাপুর। রবিবার রাতে দেহরাদূনে জীবনাবসান হয়েছে উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী হরবিংশ কাপুরের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। উত্তরাখণ্ডের ৮-বারের বিধায়ক ছিলেন হরবংশ কাপুর। প্রবীণ বিজেপি নেতার প্রয়াণে শোকের আবহ বিজেপি শিবিরে। শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার সকালে হরবংশ কাপুরের পরিজনদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান ধামি।
লাগাতার ৮-বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন স্বল্পভাষী হরবংশ কাপুর। একেবারে তৃণমূল স্তর থেকে তাঁর রাজনৈতিক জীবনে পথচলা শুরু। ১৯৮৫ সালে একবারই পরাজিত হয়েছিলেন তিনি, তারপর থেকে একবারও ভোটে হারেননি। উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার ছিলেন তিনি। হয়েছিলেন মন্ত্রীও। টানা ৮-বারের বিধায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন হরবংশ কাপুর।

