Workers killed Kabiraj : মনুভ্যালী চা বাগানে কবিরাজকে জীবন্ত কবর দিয়ে খুন করল শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ আগস্ট৷৷ কৈলাসহর চা বাগান চত্বরের কবিরাজকে বাড়ি থেকে নিয়ে গিয়ে প্রথমে মারধর, এরপর জ্যান্ত সমাধি দিয়ে দিল চা বাগান শ্রমিকেরা৷ চা বাগান সহ কৈলাসহরে ঘটনার খবর ছড়িয়ে যেতে শুভচিন্তক মানুষের মধ্যে ভীতি সহ হিংস্র মানসিকতার পরিচয় পরীলক্ষিত হয়৷ চা শ্রমিকরা বিনয়ী তথা অতিথি আপ্যায়নে বরাবরই সরল স্বাভাবিক মানসিকতার পরিচয় দিয়ে আসছিল যুগ যুগ ধরে৷


কিন্তু কি এমন অশুভ শক্তি চা বাগান চত্বর গুলিতে৷ বিগত তিন চার মাস যাবত বধূ নির্যাতন সহ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা লেগেই আছে৷ আজ হিংস্রতার চরম শিখরে চন্ডিপুর ব্লকের অন্তর্গত মনো ভ্যালি চা বাগানের ১৭ নম্বর সংলগ্ণ এলাকা থেকে ডগ স্কোয়াডের সহযোগিতায় মাটিচাপা দেওয়া এক শ্রমিকের দেহ উদ্ধার হল৷ নিহত ব্যক্তির নাম ভুলো ওরাং (৪০)৷ মনেভ্যালী ১৭ নম্বর থেকে এক কিলোমিটার দূরে শালবাগান এর পাশে ভুলো ওরাংকে চা বাগান শ্রমিকরা প্রথমে মারধর করে৷ পরবর্তী সময়ে মাটি খঁুড়ে জ্যান্ত সমাধি দেয়৷


ঘটনার বিবরণে জানা যায় চা শ্রমিক এই ব্যক্তি কবিরাজ এর কাজ করতো৷ পেটে ব্যথা, মাথাব্যথা সহ সামান্য রোগে অসুস্থ হলে ভুলো ওরাং জল পড়া সহ কবজ দিয়ে রোগ সারানোর চেষ্টা করত৷ আজ সকাল ১০ টায় চা বাগানের বেশ কিছু লোক ভুলোর বাড়িতে যায় এবং বাড়ি থেকে তাকে বের করে এনে বেধড়ক মারধর করে৷ পরে শালবাগান সংলগ্ণ এলাকাতে কবর খুড়ে মাটি চাপা দেয়৷ তার স্ত্রী সাবিত্রী ওরাং বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে আমার স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন৷ পরে পুলিশ এক্সিকিউটিভ মেজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি মামলা নিয়ে দশজনকে আটক করেছে৷ ধৃতরা স্বীকার করেছে তারা সবাই মিলে ভুলো ওরাংকে মারধর করে জিবন্ত কবর দিয়ে দেয়ে৷