Sharply criticized : তিপ্রা মথা সুপ্রিমোর তির্যক মন্তব্যের তীব্র সমালোচনা করল আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ তিপ্রা মথার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করল আমরা বাঙালী৷ বুধবার তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমরা বাঙালী নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন৷ চবিবশ ঘন্টা যেতে না যেতেই আমরা বাঙালী বৃহস্পতিবার পাল্টা জবাব দিল৷ দলের তরফে এদিন রাজ্য কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে কামান দাগানো হয় প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে৷


আমরা বাঙালির নেতৃত্বদের বক্তব্য হল রাজ্যে সদ্য গড়ে উঠা তিপ্রা মথার মাথা প্রদ্যুতের রাজনৈতিক আদর্শ হল, ‘পুইলা জাতি উলু পার্টি৷’’ তিনি আগে জাতি এবং পরে দল নীতিতে বিশ্বাসী৷ তার দল আমরা বাঙালিকে রাজনৈতিক শত্রু হিসাবে চিহ্ণিত করেছে৷ আমরা বাঙালির তরফে দাবী করা হয় রাজ্যের ভূমি সস্তান বাঙালিরা৷ প্রদ্যোৎ কিশোর মাস কয়েক আগে অনুষ্ঠিত রাজ্যের এডিসি নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যদি কারোর বিরুদ্ধে লড়াই করতে হয় তবে তা করতে হবে আমরা বাঙালির বিরুদ্ধে৷ সপ্তাহ খানেক আগে খুমুলুঙের একটি জনসভায় তিপ্রা মথার পক্ষে রাজ্যের বাঙালি তথা আমরা বাঙালির বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করা হয়৷ তাছাড়া তাদের পরিচিত শ্লোগান গো ব্যাক বাংলাদেশী এ জাতীয় শ্লোগান তো আছেই৷


এডিসিতে গ্রেটার তিপ্রাল্যান্ড বিল পাশ করানোর পর রাজ্যে যত দ্রুত সম্ভব এনআরসি প্রয়োগের উদ্যোগ নিতে চলেছে৷ আমরা বাঙালি জানায় ত্রিপুরাবাসী তথা বাঙালিদের স্বার্থে তারা লড়াই করে যাচ্ছে৷ আমরা বাঙালির লড়াইয়ের তীব্রতা দেখেই প্রদ্যুতের মাথা খারাপ হওয়ার উপক্রম হয়েছে বলে আমরা বাঙালি দলের তরফে মন্তব্য করে৷ এরই বহিঃপ্রকাশ বুধবার দুপুরে প্রদ্যোতের মুখ দিয়ে ঘটেছে বলে মনে করে আমরা বাঙালি৷ প্রদ্যুত বুধবার সব ধরণের রাজনৈতিক শালিনতার সীমারেখা অতিক্রম করেছে বলে আমরা বাঙালি দাবী করেছে৷


আমরা বাঙালি দলকে নীচু স্তরের পার্টি বলে অভিহিত করেছেন প্রদ্যুত৷ আমরা বাঙালি মনে করে এর মাধ্যমে প্রদ্যোৎ তার নীচু মানসিকতার পরিচয় দিয়েছেন৷ একই সঙ্গে নিজের বক্তব্যের মাধ্যমে তার বাঙালি বিদ্বেষী মানসিকতা প্রকটভাবে ফুটে উঠেছে৷ আমরা বাঙালি শ্রীদেববর্মণকে স্মরণ করিয়ে দিতে চায় ত্রিপুরার ভুমি সন্তান বাঙালিদের দৈহিক মানসিক বৌদ্ধিক শ্রম এবং অর্থে বর্তমানের ত্রিপুরা গড়ে উঠেছে৷ এই তথ্য ভুলে গিয়ে বাঙালিকে দিনের পর দিন অবজ্ঞা, অত্যাচার, নিপীড়ন চালিয়ে যাওয়ার প্রচেষ্টা চিরকাল বাঙালি সমাজ মেনে নেবে না৷ ইতোমধ্যে বাঙালি সমাজ জাগতে শুরু করেছে৷ অদুর ভবিষ্যতেই গণসংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করে নেবে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷