ব্রাজিলে করোনার প্রকোপে মৃতের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল, বিক্ষোভ উত্তাল রিও ডি জেনেইরো

ব্রাসিলিয়া, ২০ জুন (হি.স.) : করোনার প্রকোপে ব্রাজিলে মৃতের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল। আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে হিসেবে ৫ লক্ষের গণ্ডি পেরল তারা। এরপরই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। কাঠগড়ায় তোলা হয়েছে দেশের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। অভিযোগ, তাঁর দুরদর্শিতার অভাবেই ভুগতে হচ্ছে দেশবাসীকে। প্রথম থেকেই করোনাকে অবহেলা করেছিলেন তিনি। সেই কারণেই আজ এই অবস্থা ব্রাজিলের।


রিও ডি জেনেইরোর রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী পথে নেমে বিক্ষোভ দেখান। তাঁদের হাতে ধরা ছিল পতাকা, ব্যানার। মুখে ছিল স্লোগান। ‘গেট আউট বলসোনারো’ কিংবা ‘বেকারত্ব ও খিদের সরকার’ এই ধরনের কটাক্ষে ভরে ওঠে শহরের আকাশ বাতাস।


এর আগে যখন ৪ লক্ষের গণ্ডি পেরিয়েছিল ব্রাজিল, তখনও দেখা গিয়েছিল এই ধরনেরই বিক্ষোভ প্রতিবাদ। রিও ডি জেনেইরোতে ছেয়ে গিয়েছিল ব্যানারে। যাতে লেখা ‘বলসোনারো আপনার সরকার গণহত্যাকারী’। একই ছবি ফিরে এল আবারও। প্রসঙ্গত, প্রথম থেকেই করোনা নিয়ে তুমুল উদাসীনতা লক্ষ করা গিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের মধ্যে। এমনকী, করোনা টিকা নিয়েও ব্যঙ্গ করেছিলেন তিনি। কটাক্ষ করে বলেছিলেন, ভ্যাকসিন নিলে কেউ কুমিরও হয়ে যেতে পারেন।