ব্যাংক বেসরকারীকরণ, প্রতিবাদে সারা দেশের সাথে ত্রিপুরায়ও ধর্মঘট, গ্রাহকদের ভোগান্তি

আগরতলা, ১৫ মার্চ (হি.স.) : রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পালন করা হচ্ছে৷ আগামীকালও ওই ধর্মঘট পালন করা হবে। ফলে, সারা দেশের সাথে ত্রিপুরায়ও এই ধর্মঘটের সরাসরি প্রভাব পড়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংকস ইউনিয়ন দুদিন ব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে।

সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত এ-বিষয়ে বলেন, কেন্দ্রীয় সরকার ব্যাংক গুলিকে বেসরকারিকরণ-র মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নীর্মলা সীতারমণ বাজেট প্রস্তাবে এ-বিষয়ে স্পষ্ট উল্লেখ করেছেন৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন দেশব্যাপী দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে৷

এদিন তিনি মেনে নিয়েছেন, ধর্মঘটের ফলে সাধারণ গ্রাহকরা সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু ধর্মঘট ছাড়া অন্য কোনও পথ খোলা নেই বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, ব্যাঙ্ক বেসরকারীকরণ হলে শুধুমাত্র কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন এমনটা নয়, সাধারণ মানুষও এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন৷

আজ সকাল থেকেই আগরতলা সহ বিভিন্ন স্থানে ব্যাংক কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। ব্যাংকগুলিতে কাজকর্ম বন্ধ। এটিএম সহ অনলাইন লেনদেনেও গ্রাহকদের ভোগান্তি হচ্ছে। বিশেষ করে, শনি ও রবিবার টানা দুদিন ব্যাংক বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে।