মিজোরামে ধৃত এনএলএফটি-র শীর্ষ নেতৃত্ব পরিমল দেববর্মা

আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : নিষিদ্ধ ঘোষিত বৈরি সংগঠন এনএলএফটি-র শীর্ষ নেতৃত্ব পরিমল দেববর্মাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে আইজলে গোপন ডেরায় মিজোরাম পুলিশ গ্রেফতার করে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। উত্তর ত্রিপুরা জেলা পুলিশের একটি টিম তাকে ত্রিপুরায় ফিরিয়ে আনছে। সমগ্র অভিযান ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক ভিএস যাদবের নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এ-কথা জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল দামছড়া থানার পুলিশ উগ্রপন্থী সংগঠনের সদস্য কান্তি মারককে গ্রেফতার করেছিল। তাকে, ইতিপূর্বেও পিস্তল রাখার দায়ে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু ওই মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিল সে। সম্প্রতি দামছড়া-খেদাছড়া সড়ক নির্মাণে ঠিকেদারকে চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভানুপদ বাবু বলেন, কান্তি মারককে পুলিশ জেরা করে এনএলএফটি শীর্ষ নেতৃত্ব পরিমল দেববর্মা সম্পর্কে তথ্য সংগ্রহ হয়েছে। তাতে জানা গেছে, পরিমল মিজোরামের আইজলে গোপন ডেরায় আশ্রয় নিয়েছে। বিষয়টি মিজোরাম পুলিশকে জানানো হয়েছিল। মিজোরাম পুলিশ তাকে গ্রেফতার করেছে।

উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কথায়, পরিমল দেববর্মাকে ফিরিয়ে আনতে জেলা পুলিশের একটি টিম আইজল ছুটে গেছে। তাকে মিজোরাম পুলিশ ত্রিপুরা পুলিশের হাতে হস্তান্তর করেছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি জানান, সমগ্র অভিযানে ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক নেতৃত্ব দিয়েছেন। প্রসঙ্গত, পরিমল দেববর্মা এনএলএফটি-র অন্য একটি গোষ্ঠীর শীর্ষ নেতৃত্ব।