নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ ফেব্রুয়ারি৷৷ নেশার বাড়বাড়ন্ত তেলিয়ামুড়া মহকুমায়৷ নেশার কবলে পড়ে অনেক উঠতি বয়সের যুবক-যুবতী বিপথে পা বাড়াচ্ছে৷ নেশার কবলে পড়ে সর্বসান্ত হচ্ছে অনেক মানুষ৷ রবিবার তেলিয়ামুড়া চাকমা ঘাট পার্ক সংলগ্ণ এলাকায় দুই উঠতি বয়সের যুবককে ১০ কৌটা ড্রাগস, ড্রাগস নেওয়ার সিরিঞ্জ সহ হাতেনাতে পাকড়াও করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাট বাজারের জনৈক ড্রাগস মাফিয়া ভুট্টোর দোকানে ড্রাগস কিনতে আসে দুই উপজাতি যুবক৷ এলাকাবাসীরা সন্দেহ মূলে দুই উপজাতির যুবককে আটক করে তাদের কাছ থেকে ১০ কৌটা ড্রাগস উদ্ধার করে৷ ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷
ঘটনার এক-দেড় ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ পুলিশ সময় মতো ঘটনাস্থলের না পৌঁছায় উদ্বেগ প্রকাশ করে একাংশ এলাকাবাসী৷ যদিও পুলিশ গিয়ে অভিযুক্তদের আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ জানা যায়, আটককৃত যুবক যে দোকান থেকে ড্রাগস ক্রয় করেছে দোকান মালিক তথা ড্রাগস মাফিয়া ভুট্টোর বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় প্রচুর অভিযোগ থাকলেও তেলিয়ামুড়া থানার পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায়৷
প্রসঙ্গত, বিগত বছর কয়েক পূর্বে ড্রাগস মাফিয়া ভুট্টো জনৈক মহিলা সহ তেলিয়ামুড়া রেল স্টেশন এলাকা থেকে আটক করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সে সময় উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে গিয়েছিল ভুট্টো৷ সে থেকে আজ পর্যন্ত তার অবাধ নেশা সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে৷ অভিযোগ, ভুট্টো বিভিন্ন এজেন্টের মাধ্যমে তেলিয়ামুড়া চাকমা ঘাট সহ বিভিন্ন এলাকায় নেশা সাম্রাজ্য চালাচ্ছে৷ আর ভুট্টোর এই নেশা সাম্রাজ্য দেখভাল করার দায়িত্বে রয়েছে জনৈক অমিত নামে আর এক যুবক৷
রবিবার আটককৃত দুই যুবকের মধ্যে এক যুবক কলেজ পড়ুয়া৷ এখন দেখার বিষয়, এই দুই যুবকের সূত্র ধরে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ড্রাগস মাফিয়া ভুট্টোর নেশা সাম্রাজ্য ধবংসে কতটুকু সক্ষম হয় সেদিকেই তাকিয়ে এখন তেলিয়ামুড়া শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ৷

