কাঠমাণ্ডু, ১৮ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি (স্ট্রেন) নিয়ে এবার আতঙ্ক বাড়ছে নেপালে। ব্রিটেন থেকে নেপালে ফেরা, ৬৭ বছর বয়সী এখন পৌঢ়-সহ ৩ জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। সোমবার এমনটাই জানিয়েছেন নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রকের মুখপাত্র ডাঃ জগেশ্বর গৌতম। করোনার নতুন স্ট্রেন মিলেছে ২৮ বছর বয়সী যুবতী, ৬৭ বছরের পৌঢ় এবং ৩২ বছর বয়সী যুবকের শরীরে।
সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন ওই ৩ জন। ৩ জনের শরীর থেকে নমুনা নিয়ে হংকংয়ে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। রিপোর্ট আসার পর দেখা গিয়েছে, ৩ জনই করোনাভাইরাসের নতুন স্ট্রেনে সংক্রমিত। করোনার নতুন স্ট্রেনের সন্ধান মেলার পর নড়েচড়ে বসেছে নেপাল সরকার। দেশবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

