আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় সরকারি বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণির স্বাভাবিক পঠন-পাঠন আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে৷ করোনা-র প্রকোপ ত্রিপুরায় বর্তমানে অনেক স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর৷ তবে আগামীদিনে পুনরায় করোনা-র প্রকোপ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে৷
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, দশম ও দ্বাদশ শ্রেণির স্বাভাবিক পঠন-পাঠন গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে৷ কারণ, সামনেই তাদের বোর্ড পরীক্ষা৷ এখন নবম ও একাদশ শ্রেণিতে স্বাভাবিক পঠন-পাঠন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, শিক্ষা সংক্রান্ত বিষয়ে উচ্চস্তরীয় কমিটির ছাড়পত্র পেয়েই শিক্ষা দফতর এই সিদ্ধান্ত নিয়েছে৷ সাথে তিনি যোগ করেন, পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্বাভাবিক পঠন-পাঠন শুরু করার জন্য আগামী ২৯ ডিসেম্বর উচ্চস্তরের কমিটি বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করবে৷ ওইদিনই এ-বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
তাঁর দাবি, ত্রিপুরায় করোনায় আক্রান্তের সুস্থতার হার বাড়ছে৷ তেমনি আক্রান্তের সংখ্যা এবং মৃতের হার ক্রমশ কমছে৷ তবে, করোনা নির্মূল হয়ে গেছে এ-কথা বলার কোনও সুযোগ নেই৷ তাই, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুনরায় এ-বিষয়ে চিন্তাভাবনা করা হবে৷

