রানিরখামার বাজারে নয়টি দোকান ভষ্মিভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ মধুবনের রানিখামার বাজারে অগ্ণিকাণ্ডে নয়টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে গতকাল রাতে মধুবনের রানিখামার বাজারে হঠাৎ অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷ স্থানীয় লোকজন রানিখামার বাজারে আগুন দেখতে পেয়ে বেরিয়ে আসেন৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷
দমকল বাহিনীর জওয়ানরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷

তবে এর মধ্যেই অগ্ণিকাণ্ডে নয়টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত৷ প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ কুড়ি লক্ষাধিক টাকা বলে জানা গেছে৷
পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে৷প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ অব্যাহত রয়েছে৷ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানিকে প্রশাসনের তরফ থেকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রতিটি ব্যবসায়ীকে পুনরায় প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷এদিকে মধুবনের রানিখামার বাজারে গতকাল রাতে অগ্ণিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়৷