নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের ৫০০টি কনস্টেবলের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নতুন নিয়োগনীতিতে স্টেট বোর্ড গঠন করে কনস্টেবল পদে এই নিয়োগ করা হবে৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷ তিনি জানান, এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২৪ বছর হতে হবে৷ এক্ষেত্রে এসসি ও এসটিদের ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর শিথিলযোগ্য৷ শিক্ষাগত যোগ্যতা সাধারণের জন্য মাধ্যমিক পাশ এবং এসসি, এসটিদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে৷
অপরদিকে, ম্যানপাওয়ার অ্যাণ্ড এমপ্লয়মেন্ট দপ্তরের মাধ্যমে ৪ হাজার এলডিসি এবং মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে৷ জয়েন্ট রিক্রটমেন্ট বোর্ড গঠন করে গ্রপ সি এবং গ্রপ ডি পদে এই নিয়োগ করা হবে৷ এলডিসি-র নিয়োগের ক্ষেত্রে কেউ টাইপ জানা না থাকলেও অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন৷ সেক্ষেত্রে তাদের ৬ মাসের মধ্যে টাইপ টেস্টে উত্তীর্ণ হতে হবে৷
এই পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিচ্যুত এডহক শিক্ষকদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন৷ মন্ত্রিসভার বৈঠকে নতুন নিয়োগ নীতি-২০১৮’র কিছু সংশোধন করা হয়েছে৷ সংশোধিত নীতি অনুসারে ৮৫ নম্বর থাকবে লিখিত পরীক্ষার জন্য এবং ১৫ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য৷ ম্যানপাওয়ার এবং প্ল্যানিং দপ্তর নিয়োগের জন্য জয়েন্ট রিক্রটমেন্ট বোর্ড গঠন করা হবে৷
