রাজ্যে কাঁচা দেওয়াল টিনের ছাদযুক্ত বাড়িও প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র আওতাভুক্ত

আগরতলা, ১৬ অক্টোবর (হি.স.)৷৷ কাঁচা দেওয়াল ও টিনের ছাদযুক্ত বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র আওতাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার৷ ত্রিপুরা সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে৷


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পে আরও বেশি মানুষকে সুবিধা দিতে পদক্ষেপ নিয়েছিল ত্রিপুরা সরকার৷ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে কাঁচা বাড়ির সংজ্ঞা বদল করার জন্য অনুরোধ করা হয়েছিল৷ ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮ সালের মে মাসে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে সেই অনুরোধ জানানো হয়েছিল৷ গত ২৫ সেপ্ঢেম্বর এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷


কাঁচা দেওয়াল ও টিনের ছাদ যুক্ত বাড়ি থাকলে তা আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র আওতাভুক্ত হত না৷ ত্রিপুরা সরকারের অনুরোধে এবার থেকে কাঁচা দেওয়াল ও টিনের ছাদ যুক্ত বাড়িকেও কাঁচা বাড়ি হিসেবে গণ্য করা হবে এবং তা প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র আওতাভুক্ত করা হবে৷ কাঁচা বাড়ির যে সংজ্ঞা ছিল তাতে বদল করেছে কেন্দ্রীয় সরকার৷
প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে ত্রিপুরার লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ৮৩৮টি বাড়ি তৈরির৷ এখন পর্যন্ত ২৩ হাজার ৩৭৬টি বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তের ফলে ত্রিপুরার ৫০ হাজার পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র সুবিধা পাবে৷ যা ত্রিপুরার মানুষের আবাস পরিকাঠামোয় যুগান্তকারী বদল হতে চলেছে৷