নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ অক্টোবর৷৷ এক গাড়ি চালকের ছুরির আঘাতে প্রাণে মারার চেষ্টা এক গৃহবধূকে৷ ঘটনা চম্পকনগর থানাধীন চন্দ্র সাধু পাড়া এলাকায়৷ সংশ্লিষ্ট ঘটনায় গুরুতর আহত মহিলার নাম প্রতিমা সরকার (৩৭) , ওই মহিলার বাড়ি মোহরছড়া এলাকায় বলে জানা যায়৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মহিলাকে আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ, চম্পকনগর থানাধীন চন্দ্র সাধু পাড়া এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে কোন এক গাড়ি চালক নাকি প্রতিমা সরকারকে ছুরির আঘাতে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ৷ তারপর ওই মহিলাকে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় গাড়ির চালক৷ সেই সময় আগরতলা থেকে তেলিয়ামুড়া আসার পথে একটি ম্যাক্স গাড়ি চালক গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে নিজ গাড়িতে করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত অবস্থায় প্রতিমা সরকারকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক৷
উক্ত ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ জানা গেছে উক্ত মহিলার কল্যাণপুর থানাধীন মহোরছড়া বাজার এলাকায় মোদি দোকান রয়েছে৷ উক্ত ঘটনায় এলাকা জুড়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে কোন গাড়ির চালক কেন কোন মহিলাকে ছুরিকাঘাত করবে? আর ওই গাড়ির চালকের সাথে মহিলার সম্পর্কই বা কি? নাকি এর পেছনে রয়েছে কোন গভীর রহস্য!কিন্তু সন্ধ্যা রাতে কোন গাড়ি চালকের দ্বারা মহিলার ছুরিকাঘাতের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

