নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ যদিও গোষ্ঠী সংক্রমণ হয়নি, কিন্তু ত্রিপুরায় করোনা-র সংক্রমণের প্রাথমিক স্তর পার হয়ে গেছে, এমনটাই মনে করছে ত্রিপুরায় চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস এসোসিয়েশন৷
করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সংগঠনের দাবি, ত্রিপুরায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিংবা হয়নি তা বলার এক্তিয়ার নেই আমাদের৷ তবে সংগঠন মনে করছে, ত্রিপুরায় করোনা-র সংক্রমণের প্রাথমিক স্তর আমরা পার করে ফেলেছি৷ তবে এটিজিডিএ আর দাবি করেছে, সারা দেশের তুলনায় ত্রিপুরায় করোনা পরিস্থিতি যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে৷
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এটিজিডিএ-র সাধারণ সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী বলেন, স্বল্পতা সত্ত্বেও ত্রিপুরায় চিকিৎসকরা করোনা-র বিরুদ্ধে প্রাণপণ লড়াই জারি রেখেছে৷ শুধু তাই নয়, পরিস্থিতি-র প্রয়োজন অনুসারেই তাঁরা দায়িত্ব পালন করছেন৷ তা সত্ত্বেও জন সচেতন আরো বৃদ্ধির যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে৷
এদিন ত্রিপুরায় গোষ্ঠী সংক্রমণ নিয়ে ডাঃ চৌধুরী বলেন, এটিজিডিএ-র এ-বিষয়ে কিছু মন্তব্য করার এক্তিয়ার নেই৷ নির্দিষ্ট আধিকারিক এ-বিষয়ে কিছু বলার অধিকারী৷ তবে, তৃণমূল স্তরের বিভিন্ন চিকিৎসকদের রিপোর্টে স্পষ্ট, আমরা করোনা-র সংক্রমণের প্রাথমিক স্তর পার করে ফেলেছি৷
এদিকে, ত্রিপুরা সরকারের কাছে সংগঠনের দাবি নিয়ে এদিন ডাঃ রাজেশ সন্তোষ প্রকাশ করেছেন৷ তবে, করোনা পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী সহ ১৫০ জনকে নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি দাবি করেন৷ পাশাপাশি, জিবি হাসপাতাল-কে সম্পূর্ণ কোভিড হাসপাতালে রূপান্তরের দাবি জানিয়েছেন৷ তিনি সংগঠনের বিভিন্ন দাবি ত্রিপুরা সরকার মেনে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন৷

