২৪ ঘন্টায় রাজ্যের পৃথক স্থানে তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ১৫ জুলাই৷৷ রাজ্যের পৃথক তিন জায়গায় তিন যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পারিবারিক বিবাদের জেরে বিষ পান আত্মহত্যা করল এক যুবক৷ ঘটনাটি ঘটে লেফুঙ্গা থানাধীন বামুটিয়া ধুরজারাইপাড়ায়৷ জিবি হাসপাতালে নিয়ে আসার পর তাঁর মৃত্যু হয়৷ মৃত যুবকের নাম বিক্রম সরকার৷ বয়স আনুমানিক ২৫ বছর৷ বুধবার জিবি হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হয়৷ ঘটনার বিবরণে জানা যায, পারিবারিক বিবাদের জেরে স্ত্রী সুস্মিতা সরকারের সাথে অভিমান করে মঙ্গলবার রাতে বিষ খেয়ে ফেলে বিক্রম৷ পরিবারের অভিযোগ, ১ সপ্তাহ আগে বিক্রমের স্ত্রী সুস্মিতা সরকার বাপের বাড়িতে বেড়াতে যায়৷ বাড়ি ফিরতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে৷


আর এতে সুস্মিতার বাপের বাড়ির লোকজনরা বিক্রমকে বকাবকি করে৷ এতে অভিমানে বিষ পান করে বলে অভিযোগ পরিবারের৷ রাতেই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে বুধবার ভোরে তার মৃত্যু হয়৷ এই ঘটনায় পুলিশে অভিযোগ দাযের করা হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে৷ বিক্রমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়৷

রাজধানী আগরতলা শহরের রামনগরের গাংগাইল রোড এলাকায় নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম নির্মল৷ গত কয়েকদিন ধরে ওই ব্যক্তি বাড়ি থেকে নিখোঁজ ছিলে৷ এ ব্যাপারে রামনগর আউটপোস্টএ সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷ মঙ্গলবার রাত দশটা নাগাদ তার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি আত্মহত্যা না খুন তা নিয়ে পুলিশ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে রামনগর আউট পোস্ট এর পুলিশ৷ মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গত তিনদিন ধরে ওই ব্যক্তির বাড়ি থেকে নিখোঁজ ছিলেন৷ এ ব্যাপারে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করেও তার কোন সন্ধান মেলেনি৷ শেষ পর্যন্ত বিষয়টি পুলিশকে জানিয়ে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল৷ অবশেষে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷


ফাঁসিতে আত্মহত্যা করল ২৩ বছরের এক যুবক৷মৃত যুবকের নাম বিমল দেববর্মা৷ ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন চাকমাঘাটের রঙ্গিটিলা শিবিরে৷ মঙ্গলবার রাতে উদ্ধার হয় মৃতদেহ৷ বুধবার সকালে মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য৷ মৃতের মামা লক্ষ্মীরাম দেববর্মা অভিযোগ করেন বিমল দেববর্মা ফাঁসিতে আত্মহত্যা করেনি৷ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাঁর ভাগিনাকে৷ তাঁর গলায় কোন দাগ নেই৷ এমনকি পরিবারের সদস্যরা ঘটনা স্থলে যাওয়ার আগেই মৃতদেহ নামিয়ে বাড়ির উঠানে রেখে দেওয়া হয়৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুঙ্গিয়াকামী থানায় অভিযোগ জানানো হয়েছে৷