নয়াদিল্লি, ২৬ জুন (হি. স.) : করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় প্লাজমা থেরাপিও করা হয় স্বাস্থ্যমন্ত্রীর। ভেন্টিলেটরেও রাখা হয়েছিল তাঁকে। আজই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সত্যেন্দ্র জৈন।
জ্বর এবং প্রবল শ্বাসকষ্ট দেখা দিলে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে গত ১৫ জুন সোমবার রাতেই ভরতি করা হয় দিল্লির সরকারি রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তাঁর প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও এরপর ১৭ জুন বুধবার দ্বিতীয় বার পরীক্ষা করলে পজিটিভ ফল পাওয়া যায়। পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। রাখা হয় ভেন্টিলেশনেও । তবে শেষমেশ তিনি করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

